আজ নয় কিন্তু আসবো
- ফারহান নূর শান্ত
সে আসবে কবে? জানি না ঠিক কবে,
জানালার ধারে অপেক্ষা রেখেছি ঠিক —
চায়ের কাপে, ঠান্ডা দিন পাঁচেক;
উষ্ণ কেবল মন, বুকের বাঁ দিক।
সে আসবে কবে? জানি না ঠিক কবে,
দু’ডজন চুড়ি, ঠোঁটে গানের কলি —
মেলা থেকে কুড়িয়ে এনেছি রং,
ভেজা রাস্তা, বর্ষায় সেজেছে শহরতলি।
সে আসবে কবে? জানি না ঠিক কবে,
তার চোখের হেঁয়ালি, রয়েছে কিছু বাকি —
আমি দাঁড়িয়ে, ঢেকে রেখেছি চোখ,
আসবে বলেই, এখনো চোখ খোলা বাকি।
সে আসবে কবে? জানি না ঠিক কবে,
প্রেম সে কি, ভীষণ অবাধ্যতার কাজ!
বাস ছেড়ে গেল, এখনও আসোনি —
পরের বাসে , ফিরবে কি তবে আজ?
সে আসবে কবে? জানি না ঠিক কবে,
ছোঁয়া বর্ষায়, অপেক্ষাতে কেন রাখিস?
হঠাৎ মোড়া খামে, চিঠি এলো তোর —
"পরের বর্ষায় আসব, সাবধানে থাকিস।"
১৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।